দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের জানান, এই অনুসন্ধান কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্বের ভিত্তিতে নয়, বরং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।
রোববার দুদক ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের ভিত্তিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আসিফ অভিযোগ করেছেন যে, সরকার তার বিরুদ্ধে দুদককে ব্যবহার করছে।
এ প্রসঙ্গে সাইদুর রহমান খান বলেন, “দুদকের কাছে কোনো টার্গেট বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমরা নিয়ম মেনেই কাজ করছি।”
এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার ছেলের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় দেড় শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
সোমবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বিরুদ্ধে নকশা অনুমোদনে জালিয়াতি ও যথাযথভাবে ইমারত পরিদর্শন না করার অভিযোগে অভিযান চালায় দুদক।