আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন।
ঘোষণায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম। তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন।
মিয়া গোলাম পরওয়ার এক প্রশ্নের জবাবে জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দল স্ব-স্ব প্রার্থী নিয়ে অংশগ্রহণ করবে, জোটগতভাবে নয়।