যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেইলে ভোট দেওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তটি মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
১৪ সেপ্টেম্বর সোমবার, সুপ্রিম কোর্ট একটি ফেডারেল বিচারকের আদেশ বহাল রাখে, যা যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে ডাকযোগে পাঠানো ব্যালটের জন্য নতুন নিয়ম চালু করতে সাময়িকভাবে বিরত রাখে। বিচারপতি ব্রেট কাভানাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন, তবে তিনি উল্লেখ করেন যে নির্বাচনের পর একই নিয়ম নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
বিচারপতি কাভানা বলেন, নতুন নিয়মটি ডাক বিভাগের আইনি ক্ষমতার মধ্যে পড়তে পারে, তবে ২০২৬ সালের নির্বাচনে এটি কার্যকর করা অযৌক্তিক হবে। ট্রাম্পের দাবি, নতুন নিয়ম চালু করলে নির্বাচনে জালিয়াতি কমানো যাবে।
মার্চে ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করে ডাক বিভাগকে নির্দিষ্ট নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তবে কয়েকটি অঙ্গরাজ্য ও সমালোচকরা বলছেন যে, এই নিয়ম নির্বাচনের বিষয়ে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতায় হস্তক্ষেপ করছে।
অন্যদিকে, বিচারপতি স্যামুয়েল আলিটো ও ক্লারেন্স থমাস এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা মন্তব্য করেছেন যে, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে করা এই আইনি চ্যালেঞ্জ শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা কম। তাদের মতে, ডাক পরিষেবার ওপর নিয়ম তৈরির ব্যাপক ক্ষমতা রয়েছে।