সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোমানিয়ায় ফুটবলে প্রথমবার ‘কালো কার্ড’ চালু

রোমানিয়ায় শিশু ফুটবলে ‘কালো কার্ড’ চালু, দর্শকদের অসদাচরণ ঠেকাতে নতুন ব্যবস্থা।

রোমানিয়ায় ফুটবলে প্রথমবার ‘কালো কার্ড’ চালু

রোমানিয়া ফুটবলে একটি নতুন নিয়ম চালু করেছে, যেখানে শিশু ও কিশোরদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ ঠেকাতে ‘কালো কার্ড’ ব্যবহৃত হবে। ইউরোপের ফুটবলে এটিই প্রথমবারের মতো এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক প্রতিযোগিতায় এই নিয়ম কার্যকর হবে। মাঠের বাইরে থাকা অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি এবং শারীরিক আক্রমণ থেকে শিশু খেলোয়াড়দের সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেডারেশন বলছে, ফুটবল শিশুদের জন্য আনন্দ, শেখা ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত। তবে অতিরিক্ত প্রত্যাশা এবং হতাশা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

নতুন নিয়ম অনুযায়ী, ‘কালো কার্ড’ দেখানোর অর্থ হলো ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। যদি দর্শক বা অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সতর্কতার পরও তা অব্যাহত থাকে, তাহলে রেফারি কালো কার্ড দেখিয়ে ম্যাচ শেষ করে দিতে পারবেন।

কালো কার্ড কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, রেফারি প্রথমে অসদাচরণের বিষয়ে সতর্ক করবেন। এরপর কোচদের মাধ্যমে দর্শকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হবে। যদি তাতেও আচরণ পরিবর্তন না হয়, তাহলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হবে।

যদি খেলা পুনরায় শুরু হওয়ার পর একই ধরনের ঘটনা ঘটে, তাহলে তৃতীয় ধাপে রেফারি কালো কার্ড দেখিয়ে ম্যাচ বাতিল করবেন।

রোমানিয়ার নতুন নিয়মে যেসব আচরণ শাস্তির আওতায় পড়বে, তার মধ্যে রয়েছে খেলোয়াড়দের উদ্দেশে গালাগালি, শিশু খেলোয়াড়দের ধাক্কা দেওয়া, কোচিং স্টাফকে অপমান করা এবং রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ।

রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, শিশুদের ওপর বড়দের উচ্চাকাঙ্ক্ষা ও হতাশার প্রভাব কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ফুটবলে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন