ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের পর যেন শুধুমাত্র নাম ও পোশাক পরিবর্তন হয়, কিন্তু বাহিনীর কার্যক্রম ও আচরণে কোনো পরিবর্তন না আসে।
তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল না এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ এই বাহিনী বিলুপ্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি আরও বলেন, নতুন সংস্থা গঠন করা হলে সেটি যেন কেবল নাম বা পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যদি পোশাক পরিবর্তন করে আগের সবকিছু একই রকম রাখা হয়, তাহলে সেই পরিবর্তনের কোনো অর্থ থাকবে না।
এপিবিএন বিলের বিষয়ে বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে অতীতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানুষকে হয়রানি, নির্যাতন ও ভয়ের মধ্যে থাকতে দেখা গেছে। তিনি ভবিষ্যতে রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে এ ধরনের আচরণ আর দেখতে চান না।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে এবং পুলিশ, র্যাব কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারে, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার নিশ্চিত করবে।