শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় কড়া পুলিশি পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাটহাজারী মেখলে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন। চিন্ময়ের বড় ভাই রঞ্জন ধর মায়ের মৃত্যুর পর জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। তাদের মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারীর মেখলে ধামে মৃত্যুবরণ করেন চিন্ময়ের মা সন্ধ্যা রানী ধর। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়েছিল।

চিন্ময় কৃষ্ণ দাসের পারিবারিক নাম চন্দন কুমার ধর। ধর্মীয় দীক্ষাগ্রহণের পর তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাম নেন। তিনি তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন।

চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ মামলা হয় এবং ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ হলে সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

বিক্ষোভের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। ওই ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসের নাম না থাকলেও পুলিশ তদন্ত প্রতিবেদনে তাকে প্রধান আসামি করে। বর্তমানে তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে, যার মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারাধীন।

চিন্ময় হাই কোর্ট থেকে চার মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোর কারণে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন