কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী আনাবিয়া নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মনজুর আহমেদ বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহে রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।