বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এছাড়া, রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।