সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে, যার মাধ্যমে গ্রাহকরা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবেন।
মঙ্গলবার জ্বালানি বিভাগের পক্ষ থেকে এই প্রণোদনা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, জাতীয় গ্রিডে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে সরবরাহ করা হলে প্রতিটি ইউনিটের জন্য সাড়ে ১০ টাকা পাওয়া যাবে।
বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় নিয়ে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ প্রণোদনার অংশ হিসেবে, এই উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকরা যদি ২৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন, তাহলে তারা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ তারিখ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ দশমিক ৫০ টাকা পাবেন।