বাংলাদেশ ব্যাংক সোমবার এক হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে দুই বছরের বিরতি সহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ পাবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এক হাজার কোটি টাকার কম ঋণখেলাপিরা এই সুবিধা পাবেন না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ পুনঃতফসিলের সুযোগ পেতে আগ্রহীদের সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে।
ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আবেদন নিষ্পত্তি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন আবেদন জমা দিতে পারবেন।
এই পদক্ষেপের উদ্দেশ্য হলো খেলাপি ঋণ কমিয়ে কলকারখানা চালু করা। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর 'খারাপ' ঋণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।