দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৩। এর মধ্যে ৯৯ জন নিশ্চিত হামে এবং ৮৬৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে, ফলে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে।
এছাড়া, একই সময়ে আরও ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ কারণে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।