শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুরের খোয়াড় গ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আষাঢ়ের বিলে এই বাইচের আয়োজন করা হয়।

নৌকার বৈঠার ছন্দ ও মাঝিদের হই-হুল্লোড়ের মধ্যে দিয়ে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এই আনন্দের অংশীদার হন।

স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচের সঙ্গে একটি প্রাণবন্ত গ্রামীণ মেলা বসেছিল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বিলের দুই পাড়ে দর্শকদের ভিড় বাড়তে থাকে।

বাইচে অংশ নেয় ছোট ও বড় দুই দলে ১০টি নৌকা। বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বড় দলে প্রথম পুরস্কার পায় বাবু মিয়ার নৌকা এবং ২য় স্থান অধিকার করে আনিস মাতুব্বরের নৌকা।

ছোট নৌকা ক্যাটাগরিতে ১ম স্থান পায় সোলেমান ফকিরের নৌকা এবং ২য় স্থান পায় মুস্তাকিন মাতুব্বরের নৌকা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন