নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক, যাদের মধ্যে ৮০০ জন বিদেশি নাগরিক।
এই পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সেখানে ‘শিকার’ সিনেমার শুটিং করছেন। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে আছে এবং সবাই সুস্থ রয়েছেন। তিনি লেখেন, ‘নেপালে ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছে এবং সবাই ভালো আছেন।’ সিনেমায় অপুর চরিত্রের নাম বন্যা।
‘শিকার’ সিনেমার শুটিং শুরু হয়েছে ৪ আগস্ট। নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গল্পের প্রয়োজনেই নেপালকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। চলতি মাসে নেপালে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় এবং শুটিং শুরু হয়।
জানা গেছে, ২৮ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন লোকেশনে টানা দৃশ্যধারণ চলার কথা রয়েছে। শুটিং শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাসসহ পুরো টিমের।
অন্যদিকে, নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। জনপ্রিয় ট্রেকিং ও তীর্থযাত্রার এলাকাগুলোতে এই বিপর্যয় ঘটায় নিখোঁজদের নিয়ে উদ্বেগ বাড়ছে। নেপাল ও চীনের কর্মকর্তারা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।