ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করা হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক সময় সরাসরি পরিষ্কার তথ্য না থাকলে একই কথা ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। যোগাযোগ যত বেশি হবে, ভুল বোঝাবুঝি নিরসনে সহায়তা করবে, ইনশাআল্লাহ।’
হেফাজতে ইসলামের সমালোচনার বিষয়ে তিনি জানান, দেশের বিভিন্ন মতের ওলামায়ে কেরামের সহাবস্থানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করবে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করা হবে।
শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হেফাজতে ইসলাম ২১ আগস্ট বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করে। সংগঠনটি সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
হেফাজতের দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ ও চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। তারা মনে করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ব্যক্তির হাতে থাকা উচিত।