মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ সত্ত্বেও ইরান বিপুল পরিমাণ অর্থ আয় করেছে এবং লাখ লাখ ব্যারেল তেল বিক্রি করেছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।
শুক্রবার (২৩ আগস্ট) ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে (আইআরআইবি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত এক থেকে দুই মাসে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে। রেজাই দাবি করেন, মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করেই এসব তেল রফতানি করা হয়েছে।
তিনি বলেন, 'আমরা প্রতিদিন যতটা তেল উৎপাদন করি, ততটাই মার্কিন জাহাজগুলোর কাছে বিক্রি করছি।' এ সময় তিনি মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অন্যান্য দেশগুলোকে যুক্ত না হওয়ার সতর্কবার্তা দেন।
রেজাই আরও বলেন, 'প্রথমে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। যদি তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের আলাদা না করে, তাহলে আমরা হামলা চালাব।' তিনি মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলারও হুমকি দেন।
এছাড়া, রেজাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, 'অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য দুই দেশ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ ও সংঘাতকে উৎসাহিত করছে।'
তিনি আরও দাবি করেন, 'আমরা যুদ্ধবাজ নই, তবে আমাদের দেশকে রক্ষা করতে সর্বশক্তি দিয়ে প্রস্তুত আছি।' হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়েও তিনি মন্তব্য করেন এবং জানান, যুক্তরাষ্ট্র নিজেদের দায়িত্ব পালন করলে এটি পুনরায় খুলবে।