সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

থাইল্যান্ডে সহিংসতার ঘটনায় ৫০টির বেশি অগ্নিসংযোগ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সহিংসতার ঘটনায় ৫০টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডে সহিংসতার ঘটনায় ৫০টির বেশি অগ্নিসংযোগ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সম্প্রতি ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, এসব হামলা ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ পরিচালিত হয়।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নারাথিওয়াত প্রদেশ থেকে সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে, যেখানে একটি স্থানীয় সরকারি কার্যালয়, একটি স্টোর এবং চুরি হওয়া একটি যানবাহন লক্ষ্যবস্তু ছিল।

থাই সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড জানিয়েছে, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুইজন নারী আহত হয়েছেন। এছাড়া, বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে সতর্ক করেছে সন্দেহজনক বস্তু স্পর্শ না করার জন্য।

সহিংসতার কারণে নারাথিওয়াত প্রদেশে রাতভর সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়, যা রোববার সকালে তুলে নেওয়া হয়। এদিন নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

বর্তমানে, এসব অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকারকারী কোনো সংগঠন বা গোষ্ঠী নেই। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। এই সংঘাতের ফলে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিচ্ছে বারিসান রেভোলুসি নাসিওনাল।

বিজ্ঞাপন