ওষুধের দাম নির্ধারণে সরকারের নিয়ন্ত্রণের অভাব এবং অতি প্রয়োজনীয় ওষুধ নীতি বাতিলকে জনবিরোধী হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। শনিবার পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে এ বিষয়ে আলোচনা হয়।
আলোচকরা জানান, দেশের ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। ১৯৮২ সালে প্রণীত ওষুধ নীতির ফলস্বরূপ দেশের ওষুধ শিল্প একটি শক্ত ভিত গড়ে তুলেছে।
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দাবি করেন, বাজার প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারণ করা যৌক্তিক, কারণ দামের ওপর ওষুধের মান নির্ভর করে। তবে আলোচকরা মনে করেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একক নিয়ন্ত্রণ জনবিরোধী।
তারা আরও জানান, চিকিৎসা খরচের ৬০ শতাংশই ওষুধের জন্য ব্যয় হয়, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে।
পিপিআরসি’র চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, সরকার গুরুত্বপূর্ণ রোগের জন্য নির্দিষ্ট কিছু ওষুধ ক্রয় করে সেগুলো স্বল্পমূল্যে বা বিনামূল্যে রোগীদের দেওয়ার ব্যবস্থা করতে পারে।