যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার ডলার করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রতিদিন ঋণের পরিমাণ বাড়ছে প্রায় ৭৮০ কোটি ডলার। এই পরিস্থিতি দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কর কমানোর কারণে রাজস্ব সেই হারে বাড়েনি, ফলে ব্যয় ও আয়ের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি হয়েছে।
২০০৮ সালের অর্থনৈতিক সংকট এবং কোভিড মোকাবিলায় বিপুল পরিমাণ ঋণ নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এ ছাড়া, মূল্যস্ফীতির কারণে সুদের হার বাড়ানোর ফলে ঋণের পরিমাণ আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক 'কমিটি ফর আ রেসপনসিবল ফেডারেল বাজেট'-এর প্রেসিডেন্ট মায়া ম্যাকগিনিয়াস বলেন, "যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে প্রায় ২০০ বছর লেগেছিল।"