শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

শাকিবের আবেগময় স্মৃতি, নায়করাজ রাজ্জাককে স্মরণ

শাকিব খান নায়করাজ রাজ্জাককে স্মরণ করে গভীর আবেগ প্রকাশ করেছেন।

শাকিবের আবেগময় স্মৃতি, নায়করাজ রাজ্জাককে স্মরণ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে আজ হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে তিনি চিরঘুমের দেশে পাড়ি দেন।

মৃত্যুবার্ষিকীতে ঢালিউড সুপারস্টার শাকিব খান গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সামাজিকমাধ্যমে এক পোস্টে শাকিব বলেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর ৯ বছর আজ। তাঁকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি।’

শাকিব আরও যোগ করেন, ‘তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’

শাকিব জানান, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্যদিয়ে যাচ্ছি!’

তিনি বলেন, ‘তাঁকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো, খুবই ব্যক্তিগত। তিনি (নায়করাজ) নেই, কিন্তু তাঁর স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা।’

শাকিব শেষ করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’

শাকিব খান ও নায়করাজ রাজ্জাক একসঙ্গে অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্রের মধ্যে ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘১ টাকার বউ’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মিয়া বাড়ির চাকর’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন