রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর কেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রাথমিক ভূমিকম্পের পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এন্দে শহরের একটি হাসপাতালের কর্মী লুকাস লোটার জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালের রোগীরাও বাইরে বেরিয়ে আসেন এবং কম্পনের কারণে কয়েকটি দেয়ালে ফাটল দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো বলেন, পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সুনামির আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য সুনামির ঢেউ ০.৫ মিটার থেকে ৩ মিটার উচ্চতার হতে পারে। ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের বাসিন্দারা উঁচু এলাকায় সরে যেতে শুরু করেছেন। স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, সেখানে সমুদ্রের পানি কিছুটা সরে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

ইন্দোনেশিয়ার টেলিভিশনে প্রচারিত ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে এবং নিকটবর্তী নাগেকেও রিজেন্সিতে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইতোমধ্যে ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে কোনো সুনামির হুমকি নেই।

বিজ্ঞাপন