বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শুরু, বিএনপির প্রার্থিতা আলোচনায়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু, বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থিতা আলোচনায়।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শুরু, বিএনপির প্রার্থিতা আলোচনায়

জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। তবে বিএনপির নেতাদের একটি বড় অংশ মনে করছেন, রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকে কাউকেই বেছে নেওয়া উচিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যও রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। গতকাল সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, “জয়-পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়াই মুখ্য বিষয়।” তিনি বলেন, “গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে ১১ দলীয় জোট।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন।

বিজ্ঞাপন