জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের আগে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না। তিনি মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি অভিযোগ করেন, বিগত দুই বছর ধরে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।
তিনি আরও উল্লেখ করেন, দিল্লিতে খুনী হাসিনার কথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারতের আধিপত্যবাদী নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েই তাদের দায়িত্ব সম্পন্ন করেছে, কিন্তু ভারত সরকারের কাছ থেকে কার্যকর জবাবদিহিতা আদায় করতে পারেনি।
গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেও ৫ আগস্টের ঘটনার বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি, যা গভীর হতাশার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো সম্প্রসারণবাদী ‘shared dream’ এর অংশীদার হতে চায় না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধির দক্ষিণ এশিয়া দেখতে চায়।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী তৎপরতার অবসান এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন।