এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ম্যানেজিং কমিটি নয়, বরং নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ প্রদান করবে। এই বিষয়ে আলোচনা হলেও আগের নিয়ম বহাল আছে, বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১০ আগস্ট রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুধে বার্তায় এই তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফেসবুকে বলেন, "২০০৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনার জন্য পর্যালোচনা অব্যাহত রয়েছে।"
মন্ত্রী আরও জানান, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তিনি সকলের প্রতি অনুরোধ করেন যেন এই বিষয়ে অপতথ্য প্রচার না করা হয়।
এদিকে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
যদিও শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণী অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।