ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা।
মঙ্গলবার দুপুরে ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করেন সহ–সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান। তবে জেলা ছাত্রদল দাবি করেছে, তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি।
ইবনে হাসান তার পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। অন্যদিকে, রিংকু কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেন, "দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।"
সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান, তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পাননি।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, "ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।"