বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় পাটকলগুলোতে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ হবে এবং এতে কর্মসংস্থান হবে ১১ হাজার ৬২৯ জনের।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অপরদিকে, খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।
বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। মিলগুলো চালু হলে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলে ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যা ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান এবং ৫০০ কোটি টাকা টার্নওভারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যেখানে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান এবং ৫০০ কোটি টাকা টার্নওভারের লক্ষ্য রয়েছে।
প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যা ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।