বাংলাদেশ সফরে আসার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের আগস্টে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি সিরিজের জন্য সফরটি নির্ধারিত ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি এক বছর পিছিয়ে যায়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুদল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বর্তমানে সফরটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। তারা বাংলাদেশ সফরের অনুমতি এবং স্পষ্ট ধারণা নিতে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, তারা সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
সূত্র জানায়, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করব। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে চিঠি পাঠানো হয়েছে এবং তারা নিয়মিত যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করা হয়।
গত বছরের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি পিছিয়ে গেলেও চলতি বছরের শুরুতে দুই বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকে। ভারতে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্ক উন্নতি হলেও সম্প্রতি ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।