নোয়াখালী সদর উপজেলায় জামিনে মুক্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে চারজন দলীয় কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই কর্মসূচির পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর পুলিশ দুই শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়া কর্মীদের বরণ করতে ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন দলের কর্মীরা।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, "স্বজনেরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন, কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন।" তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হবে।