প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্ত বাহিনী এবং স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায়। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে একটি সমাবেশে এবং বন্যা দুর্গতদের মাঝে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যেভাবে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ১৯৮৬ সালে যারা স্বৈরাচারের সাথে মিলে নির্বাচনে অংশ নিয়েছিল, সেই গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতিকে থামিয়ে দিতে চায়।'
তিনি আরও জানান, 'দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। বিএনপি জনগণকে সাথে নিয়েই সামনে এগুতে চায়। দেশের জ্বালানি খাত নিয়ে বিএনপির নতুন পরিকল্পনা আছে।'
সমাবেশে উপস্থিত হওয়ার আগে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আহমেদ শফির কবর জিয়ারত করেন। এর আগে তিনি বাঁশখালী থেকে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান এবং সেখানে হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন।