সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নেল অলি আহমদ

এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নেল অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে এই নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, 'মূলত ১১ দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারা থেকে বের হতে তাকে প্রার্থী করা হয়েছে।' তিনি আরও বলেন, 'গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথে হাঁটছে। ইতোমধ্যে এই সরকার সাংবিধানিক নানা সংকট তৈরি করেছে।'

রাষ্ট্রপতি প্রার্থী করায় ১১ দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অলি আহমদ বলেন, 'জাতিকে কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সঙ্গে ও জনগণের সঙ্গে বেইমানি করব না। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করব।'

এদিকে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট, সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এ বিষয়ে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন