ইরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
আরাঘচি মেহর নিউজ এজেন্সিকে বলেন, যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। তিনি উল্লেখ করেন, যতক্ষণ না ওয়াশিংটন এই লঙ্ঘনের বিষয়ে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করছে, ততক্ষণ তেহরান নতুন আলোচনা শুরু করতে রাজি নয়।
তিনি বলেন, মধ্যস্থতাকারীরা আলোচনা পুনরায় শুরুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা শুরু করা সম্ভব বলে মনে করছেন না।
আরাঘচি আরও বলেন, 'আলোচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির চেষ্টা চলছে।' তবে যুক্তরাষ্ট্রের লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরুর কোনো সুযোগ নেই।
এদিকে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের রুট পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেন আরাঘচি। তিনি জানান, এটি মূলত কারিগরি ও আইনি বিষয় এবং এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আগ্রহ রয়েছে।