‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থা থেকে বের হতে চায় ইরান। শনিবার এ কথা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আশা প্রকাশ করেন যে, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সাথে আলোচনা ফলপ্রসূ হবে।
পেজেশকিয়ান বলেন, ‘প্রতিটি সমঝোতা স্মারকেই লঙ্ঘনের ঘটনা ঘটে। যুদ্ধ করার পরিবর্তে লঙ্ঘনগুলো মোকাবিলার জন্য একটি দল গঠন করা উচিত ছিল। আমাদের দেখতে হবে এখন কীভাবে তা সমাধান করা যায়।’ তিনি আরও জানান, বর্তমানে ওমানের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে, আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালি চালু হবে না। শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের ইরানকে ক্ষতিপূরণ দেওয়া।
হরমুজে একটি অস্থায়ী নৌপথ নিয়ে ইরান ও ওমান চুক্তির খুব কাছাকাছি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘এই পথ নির্ধারণের অর্থ এই নয় যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। সেটি অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল।’
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, হরমুজে কোনো টোল আরোপের পরিকল্পনা তেহরানের নেই। তিনি জানান, এই জলপথে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা চলছে।