যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার (৪ আগস্ট) নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাঁচ মাস ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে।
হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, আলোচনা চলছে এবং এটি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি দাবি করেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে।
ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য চুক্তিতে সই করার শেষ সুযোগ। তবে তিনি পূর্বে বড় ধরনের হামলার হুমকি দিলেও পরে তা বাতিল করেছেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং বৈঠকের পরিকল্পনাও নেই। তিনি বলেন, আগামী দিনগুলোতে ইরান কোনো বিদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানাবে না।
বাঘেই আরও জানান, বর্তমানে ইরানের সব আলোচক দেশেই রয়েছেন, কেবল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকে ধর্মীয় সফরে গেছেন। বর্তমানে একমাত্র আলোচনা হচ্ছে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে।