হরমুজ প্রণালিতে অস্থায়ীভাবে একটি একক নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তবে, ইরান জানিয়েছে যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩ আগস্ট) জানায়, স্থায়ী সমঝোতা না হওয়া পর্যন্ত জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের পৃথক নৌপথ একত্র করে একটি অস্থায়ী রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি একক, যদিও অস্থায়ী, নৌপথ চালু করা হলে তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রথম পদক্ষেপ হতে পারে।
তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে, হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না।
এদিকে, কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ নেপথ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামরিক অবস্থান জোরদার থাকলেও কূটনৈতিক যোগাযোগের পথ এখনও খোলা রয়েছে।
ইরান জানিয়েছে, তাদের সামরিক প্রতিরোধ সক্ষমতা আগের মতোই বহাল রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।