শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম তীরের কালান্দিয়া ক্যাম্পে ইসরায়েলি অভিযানে আহত ৫১ ফিলিস্তিনি

পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে আহত ৫১ ফিলিস্তিনি।

পশ্চিম তীরের কালান্দিয়া ক্যাম্পে ইসরায়েলি অভিযানে আহত ৫১ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর একটি সামরিক অভিযানে অন্তত ৫১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই অভিযান পরিচালিত হয়।

জেরুজালেম গভর্নরেটের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, অভিযানের সময় কালান্দিয়া চেকপয়েন্টের কাছে বিভিন্ন বাণিজ্যিক দোকান ও অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর, পার্শ্ববর্তী কফর আকাব শহরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয় এবং জেরুজালেমের সাথে সংযোগকারী প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যে জানা গেছে, ইসরায়েলি সেনাদের মারধরের শিকার ৩৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া, রবার বুলেট ও টিয়ার গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেক ব্যক্তি।

অভিযান চলাকালে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সের চলাচলে চরম বাধা সৃষ্টি করে ইসরায়েলি সেনারা। চিকিৎসাসেবা অবরুদ্ধ থাকা সত্ত্বেও ডায়ালাইসিসের রোগীসহ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ ফিলিস্তিনিদের বাসাবাড়ি জোরপূর্বক দখল করে সেখানে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে নারী ও শিশুসহ বহু ফিলিস্তিনিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন