প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে একটি মব সৃষ্টি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, "গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল 'সচিবালয় ঘেরাও'-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।"
তিনি আরও উল্লেখ করেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। রাশেদ খাঁন বলেন, "বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।"
রাশেদ খাঁন বলেন, "আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।"
তিনি আরও বলেন, "জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।" রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে সাংবাদিকদের জানাবেন।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।