গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি পক্ষ। তবে তাদের এমন তৎপরতায় কোনো কাজ হবে না।"
তিনি আরও বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, অথচ এসব অপরাধের জন্য অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।"