প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ভাঙন রোধ এবং উপকূলীয় বাঁধ সংরক্ষণে বিন্না ঘাস ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। তিনি জানান, পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাস কার্যকর ভূমিকা রাখতে পারে।
ড. শরিফুল ইসলাম সভায় বলেন, নদী ও খালপাড়ের ক্ষয়রোধে ইতোমধ্যে দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এ ঘাসের ব্যবহার করা হয়েছে। ফলাফল সন্তোষজনক হওয়ায় বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এই ধরনের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।