সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ে নতুন করে ১৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৬০ জন, ঢাকা বিভাগের বাইরে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, বরিশাল বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১০ জন এবং রংপুর বিভাগে ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৪০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা ২৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ২৮১ জন।
এখন পর্যন্ত চলতি বছরে ১৬ হাজার ৬৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।
এ বছর ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।