কিশোরগঞ্জের কটিয়াদী তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনে লিকেজের কারণে পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
স্থানীয়রা জানান, লাইনে লিকেজের কারণে গ্যাস বের হতে থাকায় তারা আতঙ্কিত। অভিযোগ উঠেছে যে, প্রায় দুমাস আগে অবৈধ সংযোগ নেওয়ার সময় গ্যাস লাইনে লিকেজ ঘটে।
কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীর পাড়ে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। স্থানীয় একটি চুন তৈরির কারখানার মালিকপক্ষ অবৈধভাবে তিতাসের লাইনে সংযোগ নেওয়ার চেষ্টা করে, যার ফলে পাইপ ছিদ্র হয়ে যায়।
গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিতাস কর্তৃপক্ষ সোমবার বিকেল থেকে সঞ্চালন লাইন মেরামতের কাজের জন্য পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের অভাবে যানবাহন মালিকরা বিপাকে পড়েছেন।
এছাড়া, বাসাবাড়িতে চুলা জ্বলছে না। নদীতে প্রবল স্রোত থাকায় লিকেজ মেরামতের কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপক (অপারেশন) শামীম হোসেন।
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন অনুমোদনহীন কারখানাটি উচ্ছেদে অভিযান শুরু করেছে, তবে মালিক দেলোয়ার হোসেন তালুকদার পলাতক রয়েছেন।