মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই খুলে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যদি প্রণালি না খোলে, তবে ফের হামলা চালানো হবে ইরানের ওপর।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তাদের কাছে ইতোমধ্যেই তা নেই। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে যাবে।
ট্রাম্প বলেন, "নইলে তারা প্রচণ্ড আঘাত পাবে এবং তারপর প্রণালিটি খুলে যাবে।" তিনি উল্লেখ করেন যে, ইরানের সঙ্গে একটি ভয়াবহ আক্রমণের পরিকল্পনা ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড়।
তিনি বলেন, ইরান যখন তাকে ফোন করে বিনয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল, তখন তিনি তাদের সঙ্গে আলোচনা করতে সম্মত হন। ট্রাম্পের দাবি, ইরান জানে যে, যদি তারা আবার পিছু হটে, তবে তাদের জন্য কঠিন আঘাত অপেক্ষা করছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা তাদের ওপর খুব, খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাত এখনও বাকি। আশা করি, আমাদের তা ব্যবহার করতে হবে না।"