হুতিদের আরোপিত অবরোধের মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ নিরাপদে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে। বুধবার (৫ আগস্ট) একটি সামুদ্রিক গোয়েন্দা তথ্যপ্রদানকারী প্রতিষ্ঠান এ তথ্য জানায়।
মেরিটাইম ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানায়, আফ্রাম্যাক্স শ্রেণির দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করে এবং ট্র্যাকিং সিস্টেম চালু রেখেই তারা কোনো ধরনের হামলার শিকার হয়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০ জুলাই হুতিরা অবরোধ ঘোষণার পর থেকে চীনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন সৌদি-সম্পৃক্ত অধিকাংশ তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে অথবা কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প পথে চলাচল করেছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুদিন আগে হুতিদের সতর্ক করে বলেছিল, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হলে সেটিকে দেশের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।