লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ইসহাক দার বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনজন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।’ তিনি হামলাটির গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, পাকিস্তান হুথিদের এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।’ তিনি নৌচলাচলের স্বাধীনতা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য এ হামলাকে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।
ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পাকিস্তান সৌদি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।
এর আগে, ইয়েমেনের কোস্ট গার্ড জানায়, বাব আল-মান্দেবের কাছে একটি মালবাহী জাহাজে হামলায় ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন জাহাজের নাবিক। ইয়েমেন কোস্ট গার্ড হামলার জন্য ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের দায়ী করেছে।
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে লোহিত সাগর উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।