সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত

লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

১২ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

দার আরও বলেন, এটি লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি মালিকানাধীন একটি জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলায় চার নাবিক ও দুই উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার হুতিদের সংবাদ সংস্থা সাবার মাধ্যমে হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। তাদের দাবি, জাহাজটিতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ২০ জুলাই বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে হুতিদের হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন