যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। সামরিক কর্মকর্তাদের কাছে নতুন ধারণা চেয়ে ই-মেইল পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার, ৪ আগস্ট, সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন জ্যেষ্ঠ কর্মকর্তার পাঠানো ই-মেইলে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের দরকার আইডিয়া।’ ইরানের ওপর চাপ সৃষ্টি ও শাস্তি দেওয়ার জন্য সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজতে সামরিক বিশ্লেষকদের একটি বড় গ্রুপকে পরামর্শ চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে সেন্টকমের এক কর্মকর্তা একই ধরনের বার্তা পাঠিয়েছিলেন। সামরিক বিশ্লেষকদের কাছ থেকে কৌশল বা পরিকল্পনার ধারণা চাওয়া অস্বাভাবিক হলেও এটি ইরানকে নিজেদের শর্তে চুক্তিতে রাজি করানোর প্রচেষ্টাকে স্পষ্ট করে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, ‘সৃজনশীল উপায়ে চিন্তা করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের।’ তিনি জানান, কমান্ডের সদস্যদের কাছ থেকে মতামত নেওয়া হয়।
গত কয়েক সপ্তাহ ধরে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। হামলার লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি কমানো এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
তবে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসন ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’সহ অন্যান্য স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছে যে, ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা তেহরানের আলোচনার অবস্থান বদলাতে খুব একটা কার্যকর হবে না।