ছয়দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা পরিচালনা করে। বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় এ হামলা শুরু হয় এবং পরবর্তীতে দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম এই হামলাকে 'শক্তিশালী প্রতিক্রিয়া' হিসেবে উল্লেখ করেছে। হামলার লক্ষ্য ছিল দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল।
কেশম দ্বীপে অন্তত তিনটি জোরালো বিস্ফোরণ শোনা গেছে, ফলে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূখণ্ডটি। হামলা চালানো হয়েছে বন্দর আব্বাস, কিশ, আবু মুসা দ্বীপ এবং খুজেস্তান প্রদেশের আবাদান ও ফার্স প্রদেশের কাজেরুন শহরেও। বুশেহর প্রদেশও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
একদিন আগে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র-সৌদি আরব যৌথ বাহিনী, এতে প্রাণ যায় কমপক্ষে ২০ জনের। জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), যার পরিণতি হিসেবে বুধবার এই হামলা চালানো হয়।