ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতের এ হামলায় অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজে হামলা করার ইরানের ক্ষমতাকে আরও হ্রাস করতে হামলা চালিয়েছে। সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টোরেজ সুবিধা, উপকূলীয় নজরদারি সাইট এবং বিমান প্রতিরক্ষা সম্পদসহ ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
আল জাজিরা জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রামশির, আহভাজ, মাহশাহর এবং আন্দিমেশক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরাক-সংলগ্ন সীমান্ত এলাকা শালামচেহরের একটি যাত্রী টার্মিনালের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
হরমুজগান প্রদেশের সিরিক এবং জাস্ক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই শহরগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবির প্রেক্ষাপটে এগুলো ওই জলপথের ওপর নজরদারি চালায়।
এছাড়া বুশেহর শহরেও দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে—একটি রাতের শুরুর দিকে এবং অন্যটি অপেক্ষাকৃত সাম্প্রতিক সময়ে।