শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা এনসেলিয়া এবং লায়লা নামের ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, তাদের ঘোষিত নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে এই হামলা চালানো হয়েছে।

সারি আরও জানান, হুতিরা তাদের নৌ অভিযান অব্যাহত রাখবে এবং অবরোধের জবাবে অবরোধ নীতি কার্যকর রাখবে।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বুধবার রাতে একটি সৌদি ট্যাংকারে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উপসাগরীয় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব থেকে তেল পরিবহনের জন্য লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পর্যন্ত অন্তত সাতটি তেলবাহী ট্যাংকার ইয়েমেন উপকূলের কাছ থেকে ফিরে গেছে। ইয়াহিয়া সারির দাবি, হুতিরা প্রায় ১০টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন