মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে, অন্যথায় অঞ্চলটির প্রতিটি দেশ তেহরান ও ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে পড়বে।
২২ জুলাই, বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় উল্লেখ করেন, "যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না। গালিবাফ জানান, মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতির ওপরই হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে।
গালিবাফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ সম্পর্কে বলেন, "এই প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না।"