ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে সরকারবিরোধী আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। ছাত্র-জনতার ঢল বৃদ্ধি পাচ্ছে, যা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের প্রতিফলন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকের সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য থেকে হাজার-হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন। বুধবার (২২ জুলাই) রাতভর রাফি মার্গ, টলস্টয় মার্গ, এবং কন্নড় প্লেসসহ যন্তর মন্তরের একাধিক স্থানে অবস্থান ধরে রাখেন তারা।
বিক্ষোভের পরিস্থিতি বিবেচনায় প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে। আন্দোলনকারীদের সাথে নিরাপত্তাকর্মীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সেবা বন্ধ এবং বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
তবে, সাধারণ জনগণও সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন। বুধবার বৃষ্টি উপেক্ষা করে হাজার-হাজার ছাত্রছাত্রী যন্তর মন্তরে জড়ো হন। বিক্ষোভের আগুন অন্তত ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্টেও। এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।