আফ্রিকার ডি আর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা প্রতি ২০ দিনে দ্বিগুণ হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন মারা গেছে। বুনিয়ায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হারনেইস জানান, রোগের বিস্তারের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না বর্তমান প্রতিরোধ কার্যক্রম।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হচ্ছে নিজ নিজ কমিউনিটিতে, ফলে পরিবারের সদস্যদের, বিশেষ করে তরুণ নারীদের, সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
এখন পর্যন্ত কঙ্গোতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৬০ হয়েছে এবং নিহতের সংখ্যা ৭ শতাধিক।
এদিকে, পাশবর্তী দেশ উগান্ডায় প্রায় আড়াই মাসের সংক্রমণে ২০ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হলেও, নতুন কোনো রোগী না পাওয়ায় দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।